Header Ads (728*90)

বাঁকুড়া(Bankura)



অবস্থান:-

এটি ভাগীরথী নদীর পশ্চিম তীর থেকে ছোটনাগপুর মালভূমি পর্যন্ত বিস্তৃত রাঢ় অঞ্চল। রাঢ় অঞ্চলটি প্রধানত ছিল বীরভূম জেলা, ভাগীরথীর পশ্চিম পাড়ের মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলার কিছু অংশ। রাঢ়ের কেন্দ্রে অবস্থিত বাঁকুড়া জেলা।


নামের পূর্বকথা:-

রাঢ় অঞ্চলের আদিবাসীদের বেদ ও পুরাণে নিষাদ বলা হয়েছে। আর্য সংস্কৃতির সঙ্গে এদের কোনো মিল ছিল না। অতীতে এই অঞ্চলটির নাম ছিল সুহ্মভূমি। খ্রিস্টীয় ষষ্ঠ শতকে 'লাড়' বা 'রাঢ়' নামটি প্রচলিত হয়। সাঁওতালি ভাষায় লাড় মানে সাপ। এই অঞ্চলে মনসা পূজোর বাড়াবাড়ি ঝাঁপান উৎসব ইত্যাদি লাড় ও রাঢ় নামকরণে অর্থবাহী ইঙ্গিত বহন করে।


নামকরণ:-

বাঁকুড়া জেলার নামকরণ নিয়ে মতবিরোধ আছে। একটি মত হল কোল-মুন্ডা ভাষায় 'ওড়াঃ' বা 'ড়া' শব্দের মানে বসতি। 'ড়া' তাই রাঢ়ের অনেক জায়গায় নামকরণ রয়েছে বাঁকুড়া, হাওড়া রিষড়া, চুঁচুড়া, খাতরা ইত্যাদি। আরেকটি মতে 'বঙ্ক' এর (আঁকা-বাঁকা) অপভ্রংশ বাঁকু থেকে এই নামের উৎপত্তি। এরকম আরো অনেক মত আছে।


ইতিহাস:-

অষ্টম শতকের প্রথম দিকে মল্লরাজ আদিমল্ল বা রঘুনাথ বাঁকুড়া জেলার মানুষের অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের ভিত্তি গড়ে তোলেন। সেই সময় থেকে ইংরেজ আমল পর্যন্ত বিষ্ণুপুরের মল্ল রাজবংশের এই অঞ্চল শাসন করে। 

মল্লরাজ্য প্রতিষ্ঠার সময় বিষ্ণুপুরের নাম ছিল মল্লভূমি। মল্ল ও বাগদিদের মধ্যে সম্পর্ক আছে বলে অনেকের ধারণা। এদের মতে বাগদিরা মাল জাতির একটি শাখা। এদের আদিম মাতৃভাষা 'মালতো' শব্দের অর্থ মানব। দ্রাবিড় ভাষাগোষ্ঠীর কুরুক ভাষার সঙ্গে মিল আছে মালতো ভাষার। 

ক্ষত্রিয় উপাধি 'সিংহ' ব্যবহার করার আগে বিষ্ণুপুরের রাজারা 'মল্ল' পদবী ব্যবহার করতেন। ষোড়শ শতাব্দীর শেষ ভাগ থেকে বিষ্ণুপুরের রাজাদের ইতিহাস প্রায় পুরোটাই জানা যায়। মুসলমান রাজাদের সঙ্গে কখনো শত্রুতার কখনো মিত্রতার সম্পর্ক ছিল বিষ্ণুপুরের রাজাদের। মুর্শিদকুলি খাঁর সময়ে বিষ্ণুপুর জমিদারিতে পরিণত হয়ে চাকলা (চাকলা অর্থাৎ কয়েকটি পরগনার সমষ্টি) বর্ধমানের অন্তর্ভুক্ত হয়।

ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বিষ্ণুপুর ইংরেজদের হাতে চলে যায়। এই সময়ে থেকে বিষ্ণুপুরের প্রাধান্য নষ্ট হতে থাকে। এরপর মারাঠা (বর্গি) আক্রমণ ও 1770 সালের দুর্ভিক্ষ রাজ্যটিকে চরম দুর্দশায় ফেলে। 1787 সালে বীরভূম ও বিষ্ণুপুর একত্রে একটি জেলায় পরিণত হয়। 1793 সালে বিষ্ণুপুর বীরভূম থেকে আলাদা হয়ে বর্ধমানের সঙ্গে যুক্ত হয়।

1805 সালে বিষ্ণুপুর সদ্য গঠিত জঙ্গলমহল জেলার অন্তর্ভুক্ত হয়। 1832 সালে বাঁকুড়ার পশ্চিমাঞ্চলে চুয়াড় বিদ্রোহ হয়। তখন জঙ্গলমহল ভেঙে বিষ্ণুপুর অঞ্চল বর্ধমানের অন্তর্ভুক্ত হয়। 1837 সালে বিষ্ণুপুর অঞ্চল পৃথক হয় পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। বর্তমান বাঁকুড়া জেলার জন্ম হয় 1881 সালে। বাঁকুড়া জেলা বর্ধমান বিভাগের অন্তর্গত।

Post a Comment

0 Comments